যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাওয়া দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা।
স্বাস্থ্যসেবা সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন, ২২ জন গুরুতর আহত এবং বাকি ৫৬ জন তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মুহূর্তে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী আসন থেকে ছিটকে পড়েন এবং কয়েকজনের হাত-পা ভেঙে যায়। দুর্ঘটনার পর কান্না, চিৎকার ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কীভাবে একই লাইনে থাকা দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।