কাতারের শিল্পনগরী রাস লাফফানে অবস্থিত বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।
কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান QatarEnergy এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
রাস লাফফান কাতারের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত এ অঞ্চলে দেশটির বেশিরভাগ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) উৎপাদন কেন্দ্র রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানা থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের আগুনের শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের শব্দ রাজধানী দোহা পর্যন্ত শোনা গেছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণকাজ চলছিল। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।