সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। মধ্যস্থতাকারীদের দাবি, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে।
মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান যৌথ বিবৃতিতে জানায়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে কারিগরি পর্যায়ের আলোচনা চলমান থাকবে। আলোচনায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা, লেবাননের পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় গুরুত্ব পেয়েছে।
আলোচনা শুরুর আগে উত্তেজনা তৈরি হয়, যখন ইরান হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দেয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত অর্থ ছাড় এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তবে আলোচনার চূড়ান্ত ফলাফল নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কারিগরি কমিটির আলোচনা অব্যাহত থাকবে এবং ভবিষ্যৎ চুক্তির খুঁটিনাটি নিয়ে কাজ চলবে।