ভারতের হায়দ্রাবাদে একটি সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। এ সম্মানের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যার নামে ভারতে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
এর আগে তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদে মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার ঘোষণা দেয়।
ট্রাম্প তার পোস্টে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্ক এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের সড়কের নামফলক উন্মোচনের একটি ছবিও শেয়ার করেন।
পোস্টে তিনি লেখেন, “ভারতের হায়দ্রাবাদে নতুন ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমি এই সম্মান পেয়েছি। ধন্যবাদ।”
নতুন নামকরণ করা সড়কটির কাছেই মাইক্রোসফট, গুগল ও আমাজনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, এই নামকরণ যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে হায়দ্রাবাদের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতিস্বরূপ করা হয়েছে।