মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে বাহরাইনও তাদের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার অভিযোগ তুলেছে। এসব ঘটনার ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়েছে।
এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারে আঘাত করে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং হামলার ফলে কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান দেশটির ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। যদিও ড্রোনগুলো সরাসরি কোনো স্থাপনায় আঘাত করেছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
বাহরাইন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। দেশটির দাবি, হামলায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং অঞ্চলে উত্তেজনা কমানোর চলমান কূটনৈতিক উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।