গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় একটি বাড়ি থেকে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করা হয়, যা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত বুধবার একটি বাড়িতে গরুর মাংস রান্না করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আটক নারীরা দাবি করেছেন, মাংসটি গরুর এবং এটি পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে নিয়ে এসেছিলেন।
উত্তরপ্রদেশ পুলিশের এসপি অভিষেক সিং বলেন, উদ্ধার করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, আটক তিন নারীর স্বামী এবং তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, ওই বাড়ি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাংসের উৎস এবং পরিবারটি আগে এ ধরনের মাংস সংগ্রহ করেছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।