কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জানা গেছে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে অসুস্থবোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি দীর্ঘদিন ধরে এসব রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। রোববার রাতে অসুস্থ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা শেষে আবার মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।