যুক্তরাষ্ট্রে সড়কে চলাচলকারী জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, যানবাহনের ধোঁয়ার কারণে দেশটিতে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৫ জন মানুষের মৃত্যু হচ্ছে।
সোমবার (২৯ জুন) প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে যানবাহনজনিত বায়ুদূষণের কারণে ৪১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গবেষকদের মতে, জীবাশ্ম জ্বালানিনির্ভর সড়ক পরিবহন এখন দেশটির অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, গাড়ি, বাস ও ট্রাক থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম ধূলিকণা (পার্টিকুলেট ম্যাটার) মানুষের ফুসফুস, হৃদ্যন্ত্র ও শ্বাসতন্ত্রের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলছে। ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ এবং শ্বাসকষ্টজনিত মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।
গবেষণার প্রধান গবেষক এবং নিউইয়র্ক সিটি এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যালায়েন্সের পরিবহন পরিকল্পনাবিদ পন জোন্স বলেন, পরিবহন খাত থেকে নির্গত দূষণ প্রতিদিন মানুষের বসবাস, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং টেকসই গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ এখন সময়ের দাবি।
বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেতে পারে।