হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার (২৯ জুন) এ বিষয়ে তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী এক ইঞ্চিও পিছু হটবে না।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, লেবাননে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলাকালে এই মন্তব্য করেন কাটজ।
তবে তিনি দাবি করেন, লেবাননের কোনো ভূখণ্ড দখল করে রাখার উদ্দেশ্য ইসরায়েলের নেই। নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং হিজবুল্লাহ নিরস্ত্র হওয়ার পরই সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেছেন। তার এই সফরের দিনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্য সামনে আসে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবাননকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে হবে এবং তাদের সামরিক অবকাঠামো ভেঙে দেশের পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই শর্ত পূরণ হলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।