নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনায় অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর সদস্যরা। হামলার সময় বিদ্যালয়টিতে পরীক্ষা চলছিল।
বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, হামলার পর থেকে অন্তত ৩৭ শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
বোরনো রাজ্য দীর্ঘদিন ধরেই আইএসডব্লিউএপি ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সহিংস তৎপরতার অন্যতম কেন্দ্র। এসব গোষ্ঠী প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিযান জোরদার করেছে। তবে হামলায় হতাহত বা অপহরণের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।