পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার (৩০ জুন) খানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পাঞ্জাব সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। দুর্ঘটনার পর সবাই কমবেশি আহত হয়।
গুরুতর আহত ২০ জন শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহতদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, একতলা ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় কোচিংয়ের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। প্রাথমিক তদন্তে নির্মাণে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর ভবনের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তারা নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী, অপরিকল্পিত নির্মাণ ও নিরাপত্তা মান উপেক্ষার কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছর করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছিলেন।