ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় প্রেমিকার সঙ্গে সম্পর্কের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা এক যুবক তিন বছর পর আবার হিন্দু ধর্মে ফিরে এসেছেন। এ ঘটনায় ধর্মান্তরবিরোধী আইনে তার প্রেমিকা ও প্রেমিকার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আয়ুষ মালিক ২০১৮ সালে পায়ে আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, চাঁদনির পরিবারের চাপের মুখে ২০২৩ সালে দিল্লিতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আয়ুষ। এরপর তার নাম পরিবর্তন করে মোহাম্মদ আলি রাখা হয় এবং তিনি ইসলামি রীতিনীতি মেনে জীবনযাপন শুরু করেন।
তবে তিন বছর পর পরিবারের কষ্ট দেখে সিদ্ধান্ত বদলান আয়ুষ। তিনি দাড়ি-চুল কেটে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, ধর্মান্তরের মাধ্যমে তাদের কোটি টাকার পারিবারিক সম্পত্তি দখলের পরিকল্পনা ছিল। তার অভিযোগের ভিত্তিতেই চাঁদনি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।