থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে তীর্থযাত্রার সময় একটি বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত ৮ জন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৫৫ মিনিটে না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে একদল বৌদ্ধ সন্ন্যাসী হেঁটে তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। তারা না সি নুয়ান বাজারের কাছাকাছি পৌঁছালে একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাত্র ১১ বছর বয়সী এক কিশোর পিকআপটি চালাচ্ছিল। দুর্ঘটনার পর হতাহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।