ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে দেশটিকে এক সপ্তাহের ‘ছুটি’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী।
শুক্রবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। আমরা দুটি বিশ্বযুদ্ধ দেখেছি, শীতল যুদ্ধে জয়ী হয়েছি এবং শত্রুদের ইতিহাসের পাতায় পাঠিয়েছি। আমরা ভেনেজুয়েলাকে একদিনেই পরাজিত করেছি। ইরানেরও দফারফা করেছি। তারা এখন একটি চুক্তির জন্য মুখিয়ে আছে। জানাজা ও শোক পালনের জন্য আমরা তাদের এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং দেশটির সংবিধান বিশ্বের অন্যতম ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান।
এদিকে, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তেহরানে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি গুরুতর আহত হন।
ইরান সরকার জানিয়েছে, খামেনির মরদেহ এতদিন সংরক্ষণে রাখার পর এখন রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনের রাষ্ট্রীয় শোক ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।