ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শনিবার সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে।
শেষ শ্রদ্ধা জানাতে এসে উপস্থিত জনতা সমস্বরে স্লোগান দেন—
“প্রতিশোধ, প্রতিশোধ— আমাদের ইমামকে যারা হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব।”
এছাড়াও “ডেথ টু আমেরিকা” এবং “ডেথ টু ইসরায়েল” স্লোগানও দিতে দেখা যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। দীর্ঘ প্রায় চার মাস মরদেহ গোপন স্থানে সংরক্ষণের পর গতকাল প্রথমবারের মতো কফিনবন্দি মরদেহ জনসম্মুখে আনা হয়।
বাবার শেষ বিদায়ে অনুপস্থিত মোজতবা খামেনি
লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শেষ বিদায় অনুষ্ঠানে দেখা যায়নি খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
এ বিষয়ে জর্জটাউন ইউনিভার্সিটি কাতার-এর সহযোগী অধ্যাপক পল মুসগ্রাভ বলেন, নিরাপত্তাজনিত কারণেই তিনি অনুষ্ঠানে অংশ নেননি। তার ভাষ্য অনুযায়ী, ইরানের আশঙ্কা ছিল যে, ইসরায়েল এই বৃহৎ সমাবেশকে লক্ষ্য করে আবারও হামলা চালাতে পারে। তাই রাষ্ট্রীয় নেতৃত্বের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।