নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ হাজার টনের একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, শুক্রবার ‘কাং কন’ নামের নতুন পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মহড়া পর্যবেক্ষণ শেষে কিম জং উন আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
বিশ্লেষকদের মতে, নতুন যুদ্ধজাহাজ থেকে এই অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টারই অংশ। দেশটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।