মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। দেশটির দাবি, এসব হামলার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে।
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামায় থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরই ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। তবে সংঘাতের শুরুতে যে মাত্রার তীব্র হামলা দেখা গিয়েছিল, বর্তমান হামলার তীব্রতা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।
অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার "কঠোর জবাব" দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো।