সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকেট লটারিতে ১০ লাখ (১ মিলিয়ন) আমিরাতি দিরহাম জিতে ভাগ্য বদলে গেছে এক বাংলাদেশি প্রবাসীর। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ৩ কোটি টাকারও বেশি। একই ড্রতে আরও চারজন ভারতীয় প্রবাসীও সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত গালফ নিউজ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিগ টিকেটের ২৮৮তম সিরিজের ড্রতে বাংলাদেশ ও ভারতের মোট পাঁচজন প্রবাসী বিজয়ী হয়েছেন। প্রত্যেকে ১ মিলিয়ন আমিরাতি দিরহাম করে জিতে নিয়েছেন। ফলে এই সিরিজে মোট ৫ মিলিয়ন আমিরাতি দিরহাম পুরস্কার বিতরণ করা হয়েছে।
লটারিজয়ীদের মধ্যে কেউ দীর্ঘদিন ধরে নিয়মিত টিকিট কিনে ভাগ্য পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। আবার কেউ প্রথমবারের মতো অংশ নিয়েই জিতে নিয়েছেন কোটি টাকার পুরস্কার। এই ফলাফল প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
বিগ টিকেট মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় লটারি কর্মসূচি, যেখানে বিভিন্ন দেশের হাজারো প্রবাসী প্রতি মাসে অংশগ্রহণ করেন। বড় অঙ্কের পুরস্কারের কারণে এটি সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়।