চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় এসব মৃত্যু ঘটে।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশে। এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স।
সিয়েনসানো জানিয়েছে, ২০০০ সাল থেকে তাপপ্রবাহজনিত মৃত্যুর হিসাব সংরক্ষণ করা হলেও এবারই প্রথম এত কম সময়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এর আগে ২০২০ সালে বেলজিয়ামে তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মৃত্যুর সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।