অধিকৃত পশ্চিম তীরের আল-তুওয়ানি গ্রামের একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। একই হামলায় একটি কারখানাতেও আগুন দেওয়া হয়েছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক মসজিদের প্রবেশদ্বার পুড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি দেখতে পান।
গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি জানান, রাতের বেলায় মুখোশধারীসহ দুই ডজনের বেশি বসতি স্থাপনকারী আল-তাকওয়া মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।