রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৮, মিরপুরে ১২৩, গুলশানে ৪৪, উত্তরা বিভাগে ৫৪ এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি এবং একটি আংশিক ব্লেডও উদ্ধার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩টি ইয়াবা ও ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
এদিকে অভিযানে ট্রেনের টয়লেট থেকে চারটি স্টিলের ট্যাপ ও পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন এবং ২১ দশমিক ২ লিটার ঔষধের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।