ভারতের তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আন্দোলনের মুখপাত্র অভিজিৎ দিপকে রাজস্থানের জয়পুরে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন।
সোমবার (১৫ জুন) জয়পুরের শহীদ স্মারকে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন শতাধিক তরুণ-তরুণী। বিক্ষোভ চলাকালে অভিজিৎ দিপকে সমর্থকদের কাঁধে উঠে বক্তব্য ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি তার গলায় থাকা কাপড় ধরে টান দেন। পরে আরও একজন এগিয়ে এসে তাকে চড়-থাপ্পড় মারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।
ঘটনার আকস্মিকতায় কিছু সময়ের জন্য সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দিপকের সমর্থকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের আন্দোলন শুরু থেকেই অহিংস এবং তারা কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবে না।
এর আগে ৬ জুন দিল্লিতে আয়োজিত এক বিক্ষোভ থেকে সিজেপি ঘোষণা দিয়েছিল, নিট (NEET) ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan এক সপ্তাহের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিজেপি মূলত ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। জয়পুরের এই হামলার ঘটনায় সংগঠনটির নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।