ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এহুদ বারাক অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যদি নির্বাচন ব্যাহত করার কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে জনগণকে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বারাক বলেন, “আমার আশঙ্কা বেঞ্জামিন নেতানিয়াহু আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। তিনি খুব সহজেই তা করতে পারেন। যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে লাঠিপেটা ও পাথর মেরে তাকে হটিয়ে দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না।”
বারাকের এই মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের গভীরতাকেই তুলে ধরে।
বর্তমানে ৭৬ বছর বয়সী বেঞ্জামিন নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বাধীন সরকারকে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে আখ্যা দেওয়া হয়।
গাজা যুদ্ধ, বিচার বিভাগীয় সংস্কার বিতর্ক এবং সরকারের বিভিন্ন নীতিকে কেন্দ্র করে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বারাকের এমন বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
তবে নেতানিয়াহুর কার্যালয় বা তার দলের পক্ষ থেকে বারাকের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।